দুর্গাপুর,১৫ ফেব্রুয়ারীঃ বেকার যুবক ও যুবতীদের জন্য ‘যুব সাথী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রবিবার সকাল থেকে এই প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। দুর্গাপুরে ভগৎ সিং ক্রীড়াঙ্গন ও বোকারো হস্টেল এই দুই জায়গায় আবেদনপত্র জমা করার জন্য ভিড় করেছিলেন কয়েক হাজার বেকার যুবক ও যুবতী। তারমধ্যে দেখা যায় বেশ কিছু উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাও লাইনে দাঁড়িয়েছেন। ‘যুবসাথী’ প্রকল্পের টাকা সঠিক কাজে ব্যবহার করতে চান এই শিক্ষিত যুবক যুবতীরা। একশ্রেণীর ছেলে মেয়েরা লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রতি মাসে হাত খরচের টাকা জোগাড় হবে বলে। ভগৎ সিং ক্রীড়াঙ্গনে লাইনে দাঁড়িয়ে থাকা এক যুবক সৌরভ ঘোষ বলেন, ‘পড়াশোনা করেছি। কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাই নি। সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছি। প্রতি মাসে দেড় হাজার টাকা পেলে এই টাকা পরীক্ষার খরচের জন্য ব্যয় করব। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’ পিয়ালা গ্রামের বাসিন্দা প্রতাপ দাস একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন। তিনিও লাইনে দাঁড়িয়ে ছিলেন ‘যুব সাথী’ প্রকল্পের আবেদনপত্র জমা করার জন্য। প্রতাপ বলেন, ‘ঠিকাদারি সংস্থায় কাজ করি। এই টাকাটা পেলে ভালো হয়। সংসারে কাজে লাগবে।’
উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাও ‘যুব সাথী’র শিবিরে লাইনে দাঁড়ালেন
RELATED ARTICLES



