দুর্গাপুর,১৯ ফেব্রুয়ারীঃ দুর্গাপুরে ডিভিসির নতুন ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে দেখা গেল প্রশাসনিক তৎপরতা বেশ কিছুটা বেড়েছে। ডিভিসি ডিটিপিএসে ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট গড়ে তোলার প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, জেলা শাসক এস পুন্নমবলম,মহকুমা শাসক সুমন বিশ্বাস,ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা,নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। এই বৈঠকে শুধু শিল্প সম্প্রসারণই নয়,পরিবেশের ভারসাম্য রক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে। জানা গেছে,এই প্রকল্পের জন্য সাত হাজার গাছ কাটা পড়বে। সেইজন্য প্রকল্প এলাকার আশপাশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উন্নয়ন ও পরিবেশ দুইয়ের সমন্বয় ঘটিয়েই এগোতে চাইছে প্রশাসন। ডিভিসির নতুন ইউনিট করতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা বলেছেন, “এত বড় প্রকল্প করার জন্য ৭০০০ গাছ কাটা যাবে। ১০০০ গাছ প্রতিস্থাপন করা হবে। এছাড়া ৩৫ হাজার গাছ রোপন করা হয়েছে”। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাস থেকেই নতুন ইউনিট গড়ার কাজ পুরোপুরি শুরু করা হবে বলে ডিভিসি কর্তারা জানিয়েছেন।
দুর্গাপুরে ডিভিসির নতুন ইউনিট গড়তে প্রশাসনিক তৎপরতা
RELATED ARTICLES



