দুর্গাপুর,১১ জুলাইঃ সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণের ব্যবহৃত যন্ত্রাংশের চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। গত রবিবার রাতে চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করার পাশাপাশি একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোলার এনার্জি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ধৃতের নাম তরুণ হাজরা (৩৬) ওরফে রাজা। তার বাড়ি পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে। তবে সে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া যন্ত্রাংশের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে,একই এলাকার সোলার এনার্জি পার্কের সামনে একটি মদের দোকানে লক্ষাধিক টাকা চুরির ঘটনার এক মাস পার হয়ে গেলেও এখনও তার কোনো কিনারা করতে পারেনি পুলিশ।
রাস্তা নির্মাণের যন্ত্রাংশ চুরির ঘটনায় ধৃত এক অভিযুক্ত
RELATED ARTICLES



