দুর্গাপুর,১৬ ফেব্রুয়ারীঃ দুর্গাপুরের বহু পুরাতন বীরভানপুর মহাশ্মশানের আধুনিক রুপ দিতে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করা হয়েছে। সোমবার সেই সব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এখানে শ্মশান যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক প্রতীক্ষালয়। এছাড়াও শ্মশানের ভেতরের অংশে প্রবেশের জন্য করা হয়েছে নতুন প্রবেশদ্বার। এলাকাটিকে আলো দিয়ে সাজিয়ে তোলারও ব্যবস্থা করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে,উন্নয়নমূলক এই সমস্ত কাজগুলির জন্য প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম,পুরসভার ডেপুটি চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব প্রমুখ।




