আসানসোল,২৫ মার্চঃ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের গীর্জা মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৩৪ গ্রাম ব্রাউন সুগার ও প্রায় দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই এলাকায় পুলিশের সঙ্গে এই অভিযানে এনটিপিএসের আধিকারিকরা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা একটি টোটো করে মাদক সরবরাহ করতে যাচ্ছিল। পুলিশ ও এনটিপিএসের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড়ে টোটো আটক করে। এরপর টোটোতে থাকা চালক ও দুই যাত্রীকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এদিকে টোটো চালক নিজেকে আসানসোল উত্তর থানার রেলপারের বাসিন্দা বলে দাবি করেছেন। তিনি জানান,মহঃ নবাব নামে এক ব্যক্তিকে আলম নগরে পৌঁছে দেওয়ার জন্য টোটোটি ভাড়া করেছিলেন। চালকের কথায়, তার যাত্রী যে মাদক বহন করছিল সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি বলেন, পুলিশ হঠাৎ টোটোকে ঘিরে ফেলে। তল্লাশির সময় মাদক ও নগদ টাকা উদ্ধার করে। পুলিশের এক আধিকারিক বলেন, টোটো চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।এই মাদক উদ্ধারের ঘটনা শিল্পাঞ্চলে অবৈধ মাদক ব্যবসা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিলো। বিশেষ করে, বিধানসভা নির্বাচনের আগে, এই ধরনের কার্যকলাপ আইন-শৃঙ্খলা এবং একটি সংগঠিত মাদক পাচার চক্রের অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে, পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং এই মাদক পাচার চক্রের সঙ্গে কে বা কারা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
আসানসোলে মাদক সহ গ্রেপ্তার ৩,দেড় লক্ষ টাকা উদ্ধার
RELATED ARTICLES



