দুর্গাপুর,১৩ মার্চঃ বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ দুর্গাপুরে। এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা গেল পলাশডিহায়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের ২৫% ডিএ দেওয়া হচ্ছে না,এই অভিযোগ তুলে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের এই ধর্মঘটকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় মিশ্র প্রভাব পড়েছে। দুর্গাপুরেও ধর্মঘটকে কেন্দ্র করে কর্মসূচি পালন করতে দেখা যায় সরকারি কর্মচারীদের। দুর্গাপুরে এডিডিএ দফতরের সামনে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কর্মচারীদের দাবি,সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বকেয়া সহ সম্পূর্ণ ডিএ দিতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে চলেছে। তাই বাধ্য হয়েই তারা ধর্মঘট ও বিক্ষোভের পথে নেমেছেন। কর্মচারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি,রাজ্যের বহু সরকারি দফতরে এদিন ধর্মঘটের প্রভাব পড়েছে এবং বহু কর্মচারী আন্দোলনে সামিল হয়েছেন। এদিকে পলাশডিহায় স্কুল ইন্সপেক্টরের (এসআই) অফিসে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা তথা যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারী বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে একদল কর্মচারী এসআই অফিসে ঢুকে বিক্ষোভ দেখান। পরে তাঁরা স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডলের ঘরে গিয়েও প্রতিবাদ জানান। জানা গেছে,ধর্মঘটের দিন সকাল সাড়ে নটার সময় স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল অফিসে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন কেন তিনি ধর্মঘটের দিন অফিসে উপস্থিত ছিলেন। সেই সময় বুদ্ধদেব মন্ডল ও তাঁর সঙ্গে থাকা কর্মচারীদের সঙ্গে স্কুল ইন্সপেক্টরের বচসা শুরু হলে উত্তেজনা দেখা দেয়।




