চিন্ময় চ্যাটার্জী, বাঁকুড়াঃ প্রচারে বেরোনো বিজেপি প্রার্থীর দলীয় প্রতীকের কাট আউট বইছেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ছবিকে(সত্যতা যাচাই করেনি টিভি৭) ঘিরে তুমুল শোরগোল বাঁকুড়ার রাজনীতিতে। চরম বিতর্কের মুখে বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা। বিতর্কের মুখে পড়ে বিজেপি প্রার্থীর সাফাই, সবাইকেই পদ্মফুল ধরতে হবে। যারা এখনো পদ্মফুল হাতে তুলে নেয়নি তারা দেশ বিরোধী। ঘটনায় সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।এ রাজ্যের পুলিশকে বারবার দলীয় কাজে ব্যবহারের অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারেবারে কমিশনের কাছে নালিশ করতেও দেখা গেছে বিজেপিকে। নির্বাচনে রাজ্য পুলিশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার ব্যপারে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় সর্বত্রই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠল অভিযোগ। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে দিয়ে দলীয় প্রতীকের কাট আউট কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানার বিরুদ্ধে।সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা একটি গ্রামে প্রচারে গিয়েছেন। গাড়ি থেকে নামার পর তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। আর তারপরেই কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান গাড়ির পিছন থেকে পদ্মফুলের বেশ কিছু কাট আউট বের করে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের দিকে এগিয়ে দিচ্ছেন। মূহুর্তের মধ্যে গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওকে সামনে রেখে বিজেপি প্রার্থীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনার পাশাপাশি বিজেপির ওই প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা এই ঘটনায় নিজের মতো সাফাই দিয়েছেন। জোরের সঙ্গে তাঁর দাবি পদ্মফুল দিয়ে দেবী দূর্গার আরাধনা হয়। তাই সবার হাতেই পদ্মফুল থাকবে। যারা হাতে এখনো পদ্মফুল তুলে নেয়নি তারা দেশবিরোধী ও ঈশ্বরবিরোধী।
বিজেপি প্রার্থীর কাটআউট বইছেন জওয়ান,বিতর্ক বাঁকুড়ায়
RELATED ARTICLES



