দুর্গাপুর,১২মার্চঃ আমেরিকা ও ইজরায়েল আক্রমণ করেছে ইরানের ওপর। এই যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতে। বিশেষ করে হেঁশেলে। রান্নার গ্যাস সরবরাহ হচ্ছে না। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের হেঁশেল সহ হাসপাতাল, রেস্তোরাঁ এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের হেঁশেলে গিয়ে দেখা গেল রোগীদের জন্য রান্না হচ্ছে। কিন্ত কতদিন রান্না করা খাবার রোগীদের মুখে তুলে দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় আছেন হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা। এখানে প্রতিদিন গড়ে ২৫০ জনের রান্না হয়। দু’বেলা মিলিয়ে পাঁচশো রোগীর রান্না হয়। দু’দিনে একটি করে সিলিন্ডার প্রয়োজন হয়। ক্যান্টিন কর্মীদের বক্তব্য,আগে চারটে সিলিন্ডার চাইলে চারটেই দিত। এখন দুটো করে দিচ্ছে। বিভিন্ন ডিলারদের কাছ থেকে সিলিন্ডার চাওয়া হচ্ছে। কিন্তু পাওয়া যাচ্ছে না। মহকুমা হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার ঋত্বিক ঘোষ বলেন, “আপাতত রান্না করার জন্য তিনটি সিলিন্ডার আছে। এরপর না পাওয়া গেলে রান্না করতে অসুবিধা হবে”। রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল আছেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল। তিনি বলেন, “গ্যাসের সঙ্কট সর্বত্র। চেষ্টা করা হচ্ছে যাতে সাপ্লাই ঠিক থাকে। না হলে রোগীদের খাবার দেওয়া যাবে না”।
গ্যাস সংকটে মহকুমা হাসপাতালের রান্নাঘর,রোগীদের খাবার তৈরী নিয়ে সংশয়
RELATED ARTICLES



