দুর্গাপুর,৫ মার্চঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা জয়ের লক্ষ্য নিয়ে রাজ্য জুড়ে পরিবর্তন রথযাত্রা শুরু করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি পরিবর্তন যাত্রা শুরু করেছে। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা এবং রাজ্যের পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের ইন্দো- আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়েছিল বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ,গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি,ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে বৃহস্পতিবার ইন্দো-আমেরিকান মোড়ে অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচলেও ব্যাঘাত ঘটে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।” পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরেন্দ্র মোদির পোস্টার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা দুর্গাপুরে
RELATED ARTICLES



