দুর্গাপুর,৯ এপ্রিলঃ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। বৃহস্পতিবার সিটি সেন্টার এলাকার অম্বুজায় অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয় থেকে এই ইস্তাহার প্রকাশ করেন। ইস্তাহারে কর্মসংস্থান,পরিকাঠামো ও জনসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। তাঁর দাবি, রাজনীতির বাইরের জগৎ থেকে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখেছেন বেকারত্ব। সেই সমস্যার সমাধানে নতুন শিল্প স্থাপন করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় যুবকদের চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ‘কর্মভূমি’ নামে একটি পোর্টাল চালু করা হবে বলে জানান তিনি। ক্ষুদ্র ও অসংগঠিত হকারদের পুনর্বাসন, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও তাঁর ইস্তাহারে বলা হয়েছে। পাশাপাশি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং স্কুলের ফি নিয়ন্ত্রণে এনে সবার জন্য সুলভ শিক্ষার ব্যবস্থা করার কথাও রয়েছে ইস্তাহারে। এছাড়া পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ,মিউটেশন ও পাট্টা প্রদান প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নয়নে বড় ঘোষণা হিসেবে দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাস নির্মাণের কথাও তাঁর নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করেছেন প্রার্থী কবি দত্ত।
কবি দত্তের নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানে বিশেষ গুরত্ব
RELATED ARTICLES



