আসানসোল,৫ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে জোরদার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জয়ের লক্ষ্য নিয়ে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি পরিবর্তন যাত্রা শুরু করেছে। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দলের বার্তা এবং রাজ্যের পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা মাইথন থেকে একটি পরিবর্তন যাত্রার সূচনা করা হয়েছে। মাইথনের মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা হয়। আসানসোলের মাইথন থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম এই চারটি জেলা অতিক্রম করবে। অন্যদিকে বাকি ৮টি পরিবর্তন যাত্রা রাজ্যের অন্যান্য জেলাগুলিতে অনুষ্ঠিত হবে। এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুভাষ সরকার এবং পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য। তারা জানান, মাইথন থেকে শুরু হয়ে এই যাত্রা গোরান্ডি, দোমোহানি, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, লাউদোহা, উখড়া, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এবং ডিসেরগড় হয়ে পুরুলিয়ার দিকে যাবে। এছাড়াও রানীগঞ্জে একটি বৃহৎ জনসভার আয়োজন করা হবে। ওই জনসভায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, বিজেপি নেতা সন্টু পান, কৃষ্ণেন্দু মুখার্জি, জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, ডা. অজয় পোদ্দার, কৃষ্ণা প্রসাদ সহ বহু বিজেপি নেতা ও কর্মী উপস্থিত থাকার কথা।এই সব সভার মাধ্যমে রাজ্যে বিজেপি সরকার গঠনের সংকল্প নেওয়া হবে বলে জানান বিজেপি নেতৃত্ব।
পশ্চিমবঙ্গে শুরু হল বিজেপির ১০ দিনের পরিবর্তন যাত্রা
RELATED ARTICLES



