আসানসোল,১২ নভেম্বরঃ ছটপুজোকে কেন্দ্র করে বাড়ি ফেরার হিড়িক। উৎসবের আগে আসানসোল রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমনই যে,ট্রেনে পা রাখার পর্যন্ত জায়গা মিলছে না। জেনারেল কামরার পাশাপাশি স্লিপার ও এসি কোচেও যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর দাবি তুলেছেন যাত্রীরা। ছটপুজোয় পরিবারের সঙ্গে উৎসব কাটাতে বাড়ি ফেরার আশায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসানসোল স্টেশনে ভিড় জমাচ্ছেন। কিন্তু ট্রেনে আসন তো দূরের কথা,দাঁড়ানোর জায়গা পাওয়াও কঠিন হয়ে উঠেছে। অনেক যাত্রীকে কোচের মেঝেতে বসে কোনওরকমে যাত্রা করতে হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বহু যাত্রী ট্রেনে উঠতেই পারছেন না। কেউ কেউ সকাল থেকে একের পর এক ট্রেন ছেড়েও শেষ পর্যন্ত বাড়ি ফেরার উপযুক্ত সুযোগ পাননি। যাত্রীদের এই বিপুল ভিড় সামাল দিতে নিরাপত্তা ও পরিষেবার দিকে বিশেষ নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ। আসানসোল রেল বিভাগের তরফে ছটপুজো উপলক্ষে বিশেষ ট্রেন চালানো হলেও যাত্রীদের চাপ সামাল দিতে তা পর্যাপ্ত হচ্ছে কি না,তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ ও জিআরপি কর্মীরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রেনে ওঠানো এবং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত রয়েছেন তাঁরা। অন্যদিকে, আসানসোল স্টেশনের বাইরে যাত্রীদের জন্য বিশেষ শিবিরের ব্যবস্থাও নজর কেড়েছে। কুম্ভমেলার আদলে তৈরি এই শিবিরে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ছটব্রতী ও তাঁদের পরিবারের সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে আরপিএফ ও জিআরপি কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাত্রীদের যাতে অযথা হয়রানির শিকার হতে না হয়,সেদিকেও নজর রাখা হচ্ছে।
ছটপুজোয় বাড়ি ফেরার ব্যস্ততা, আসানসোল স্টেশনে উপচে পড়া ভিড়
RELATED ARTICLES



