দুর্গাপুর,১৩ এপ্রিলঃ সোমবার খনি এলাকায় নির্বাচনী প্রচারে এসে রাজ্যের আইনশৃঙ্খলা,দূর্নীতি,অনুপ্রবেশ সহ একাধিক ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকালেই সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থাকে ‘মাফিয়া রাজ’ বলে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “সিন্ডিকেট রাজ আসলে ‘ভাইপোর সিন্ডিকেট’। এই সিন্ডিকেটের ভয়ে বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে”। ৫ মে- র পর এই সিন্ডিকেট বাহিনীকে উল্টো করে ঝোলানো হবে বলে তিনি হুঁশিয়ারী দেন। কয়লা,গরু ও বালি পাচার নিয়েও অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করেন শাহ। সোমবার দুপুরে রানিগঞ্জ,পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ,জিতেন্দ্র তেওয়ারি ও ডাঃ বিজন মুখোপাধ্যায়ের সমর্থনে রানিগঞ্জ বিধানসভার অন্ডালের খান্দরা ফুটবল ময়দানে ‘বিজয় সংকল্প সভা’ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “মমতা সরকারের পতন মানেই অনুপ্রবেশ মুক্ত বাংলা। দিদি বা ভাইপো অনুপ্রবেশ রুখতে পারবেন না। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারবে”। শাহ অভিযোগ করে বলেন, “রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষায় সমস্যা হচ্ছে”। এ নিয়ে তাঁর প্রতিশ্রুতি, “রাজ্যে বিজেপির সরকার আসার ৪৫ দিনের মধ্যে সেই ৬০০ একর জমিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ৫ মে বিকেল থেকে অনুপ্রবেশকারীরা পাততাড়ি গুটাতে শুরু করবে। নাহলে তাদেরকে দেশ ছাড়া করা হবে”। দুর্নীতিকারী ও ভ্রষ্টাচারীদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি বলেন,ধস কবলিত এলাকার মানুষের জন্য ‘রানিগঞ্জ মাস্টার প্ল্যান’ কার্যকর করবে বিজেপি সরকার। যা মমতার সরকার করতে পারেনি। সমাজবিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “২৩ এপ্রিল গুন্ডারা যেন ঘর থেকে বের না হয়,হলেই বিপদ”। তিনি এই রাজ্যে মহিলা নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। ভোটের আগে বাংলার মহিলাদের মন জয়ে অমিত শাহ বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। বৃদ্ধ ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে”। প্রসঙ্গত, গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন ‘টাকা কোথায় পাবেন?’ সেই প্রশ্নের উত্তরে শাহের টিপ্পনি, “ভাইপোর দুর্নীতি করে পাওয়া অ্যাকাউন্টে যে বিপুল টাকা আছে,সেখান থেকেই মহিলাদের ৩ হাজার আর যুবকদের ৩ হাজার ভাতার টাকা দেওয়া হবে”। তৃণমূল ছেড়ে নতুন দল করে বিধানসভা ভোটে লড়াই করা হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলায় বাবরি মসজিদ করার চেষ্টা সফল হতে দেব না”। এছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী সরকারের প্রশংসায় তিনি পহেলগাঁওয়ের ঘটনার পরে অপারেশন সিঁদুরের কথা তুলে ধরেন। সভায় পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তেওয়ারীর ভূয়সী প্রশংসা করে শাহ বলেন,গতবার অল্পের জন্য হয়নি। এবার জিতেন্দ্রকে জিতিয়ে পাঠান। ওকে অনেক বড় জায়গায় পাঠাবো। জেলার নয়টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি। এর পাশাপাশি তিনি বাংলায় ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। খান্দরার জনসভায় বক্তব্যের শেষ দিকে তিনি রাম মন্দির,সিএএ এবং ইউসিসি প্রসঙ্গও তোলেন।
খান্দরার সভা থেকে মমতা ও অভিষেককে বেলাগাম আক্রমণ অমিত শাহের
RELATED ARTICLES



