আসানসোল,২০ এপ্রিলঃ ভয়াবহ দুর্ঘটনা আসানসোল উত্তর থানার রেলপাড়ে। রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ একটি পুলিশের বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে ঢুকে পড়ে রেলপাড়ে একটি গলিতে। সেই সময় ওই জায়গায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রী সহ বর গাড়িতে করে আসছিল। পুলিশের বাসটি দ্রুত গতিতে এসে পর পর কয়েকটি দোকানে ধাক্কা মারে। এরপর একটি সাত বছরের বাচ্চা মেয়ে সহ চারজন ব্যক্তিকে ধাক্কা মারে। একটি টোটে ও অটোতে ধাক্কা মারে শেষে একটি কবরস্থানের পাঁচিলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাসটি। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। রেলপাড়ের বাসিন্দারা বাস ভাঙচুর করে ও চালককে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সাত বছরের বাচ্চা মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চা মেয়েটি সহ আরও দু’জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। অন্যদিকে মারধরের জেরে বাসের চালক গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলপাড়ে আসেন মলয় ঘটক। তিনি বলেন, “এই জায়গায় বাসটা ঢুকল কি ভাবে? এখানে বাস ঢোকার কথা নয়। একটি বাচ্চা সহ কয়েকজন আহত হয়েছে। বাসিন্দাদের সাথে কথা বলেছি। তাদের শান্ত থাকতে বলা হয়েছে। পুলিশ বাসটি আটক করে তদন্ত শুরু করেছে”। স্থানীয় বাসিন্দাদের দাবি বাসের চালক মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন। বাসের সামনে থেকে মদের বোতল উদ্ধার হয়। বাসিন্দাদের অভিযোগ, “বাসটা রাজ্য পুলিশের হলেও চালাচ্ছিল একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পরিকল্পনা করে দুর্ঘটনা ঘটানো হয়েছে। যাতে নির্বাচনের আগে রেলপাড় অশান্ত হয়ে ওঠে”। আসানসোলের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, কী ভাবে দুর্ঘটনা হয়েছে তদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোটের মুখে দুর্ঘটনা নিয়ে উত্তেজনা আসানসোলের রেলপাড়ে
RELATED ARTICLES



