Thursday, May 21, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে মুখ্যমন্ত্রীর আশ্বাস,শারদীয় উৎসবের পরেই দুর্গাপুর পুরসভার নির্বাচন

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর আশ্বাস,শারদীয় উৎসবের পরেই দুর্গাপুর পুরসভার নির্বাচন

সংবাদদাতা,দুর্গাপুর,২১ মেঃ  শারদীয় উৎসবের পরেই দুর্গাপুর পুরসভার নির্বাচন হতে চলেছে বলে দুর্গাপুরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে এলেন শুভেন্দু অধিকারী। তাই স্বাভাবিকভাবেই এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এটাই ছিল প্রথম দক্ষিণবঙ্গ সফর। তাই তিনি কি বলেন তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ছিল বিশেষ কৌতুহল। বৈঠকে দুই বর্ধমান, বাঁকুড়া,বীরভূম ও পুরুলিয়ার সমস্ত বিজেপি বিধায়ক হাজির ছিলেন। পাঁচটি জেলার পুলিশ প্রধানসহ প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,এই বৈঠকে পঞ্চায়েত স্তরের সিন্ডিকেট রাজ,তোলাবাজি এবং অবৈধ বালিঘাট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর অভিযোগ,অবৈধ বালিঘাট বন্ধ হওয়ার সুযোগ নিয়ে এখন ৮ হাজার টাকার বালি ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। তিনি জানান, সাধারণ মানুষের কথা ভেবে বালির দাম বেঁধে দেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে,যাতে অতিরিক্ত মূল্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে। পাঁচটি জেলায় মোট ৫৭টি বিধানসভা রয়েছে। এই বৈঠকে ৫০ জন বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন। আমরা সাতজন তৃণমূল বিধায়ককেও আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তাঁরা আসেননি। দামোদরের জলে প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,বর্ষার সময় দামোদর ফুঁসে উঠলে নিম্ন দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে নবান্নে বৈঠক হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুর্গাপুর পুরসভার নির্বাচনের প্রসঙ্গ ওঠে। তিনি জানান,শারদীয় উৎসবের পরেই দুর্গাপুর পুরসভায় নির্বাচন করা হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন,২০১৭ সালে দুর্গাপুরের মানুষ ভোট দিতে পারেননি। আমরা আশ্বাস দিচ্ছি বিজেপির আমলে সকলেই নির্ভয়ে ভোট দিতে পারবেন। প্রসঙ্গত বর্তমানে পুরসভার প্রশাসনিক বোর্ড ভেঙে পুরসভার কাজকর্ম দেখার দায়িত্বে রয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুন্নমবলম। একইভাবে এডিডিএর চেয়ারম্যানেরও দায়িত্ব সামলাচ্ছেন জেলা শাসক। এছাড়াও বীরভূমের পাথর খাদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,ওই পাথর খাদানের ৫ কোটি টাকা রাজস্ব লিকেজ হয়ে ৩০ লক্ষে পৌঁছে ছিল। এখন সেই ৩০ লক্ষ আবার ২ কোটি ৩০ লক্ষ টাকায় পৌঁছে গেছে। আর কিছুদিন পরে তা ফের পাঁচ কোটিতে পৌঁছে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments