সংবাদদাতা,দুর্গাপুরঃ নিকাশি নালা পরিস্কার করার জন্য দুর্গাপুর পুরসভার কাছে অত্যাধুনিক জেট সাকসন মেশিন আছে। এই মেশিনের সাহায্যে নিকাশি নালায় জমে থাকা আবর্জনা মুহুর্তের মধ্যে পরিস্কার হয়ে যায়। কয়েক লক্ষ টাকার জেট সাকসন মেশিন পড়ে আছে পুরসভার গ্যারাজে। অথচ পরিস্কারের অভাবে নিকাশি নালা উপচে শহরের একাধিক রাস্তা জলে ভাসছে। সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন নাগরিকরা। অভিযোগ, কোনও হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের। দুর্গাপুর শহরে এমন কিছু রাস্তা আছে যেখানে ভারী বৃষ্টি হলে জল জমে যায়। বিশেষ করে ভগৎ সিং মোড় সংলগ্ন মহিলা পেট্রল পাম্পের সামনের রাস্তা। পুরসভার পাশে শহীদ ক্ষুদিরাম সরণি সহ আরও কয়েকটি জায়গায় রাস্তার ওপর জল জমে যায়। এই রাস্তাগুলির পাশে নিকাশি নালায় আবর্জনা জমে থাকার কারণে জল পাশ হয় না। ফলে একটু বেশি বৃষ্টি হলে নিকাশি নালা উপচে জল জমে যায় রাস্তায়। গত দেড় মাস আগে নিকাশিনালা উপচে পুরসভার স্টোর রুম জলে ভেসে যায়। প্রায় ৫০ হাজার টাকা জেরক্স পেপার সহ নতুন ফাইল নষ্ট হয়ে যায়। সব থেকে বেশি সমস্যা হয় ভগৎ সিং মোড় সংলগ্ন মহিলা পেট্রল পাম্পের সামনের রাস্তায়। একটু বেশি বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যায় রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে রাস্তার ধারে নিকাশি নালায় আবর্জনা জমে জল পাশ হচ্ছে না। ফলে বৃষ্টি হলে রাস্তার উপর জল জমে যায়। স্থানীয় এক বাসিন্দা কল্লোল দত্ত বলেন,“তিনদিন ধরে টানা বৃষ্টির জেরে এখানে রাস্তার ওপর জলে জমে আছে। বাইক নিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বাইক ও স্কুটির চাকা জলে ডুবে যাচ্ছে। গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। চরম দুর্ভোগ হচ্ছে”। অথচ পুরসভার কাছে যে অত্যাধুনিক জেট সাকসন মেশিন আছে সেটা দিয়ে নিকাশিনালা,সুয়ারেজ লাইন দ্রুত পরিস্কার হয়ে যাবে। মেশিনের সাহায্যে প্রচন্ড গতিতে জল স্প্রে করে আবর্জনা পরিস্কার হয়ে যায়। বছর দুয়েক আগে ইস্পাত নগরীর কনিস্ক মোড়ে রাস্তায় ধস নামে। সেই সময় ডিএসপি কর্তৃপক্ষ পুরসভার কাছ থেকে এই জেট সাকসন মেশিন নিয়ে এসে ধসের জায়গাটি পরিস্কার করে। তাহলে পুরসভা কর্তৃপক্ষ কেন এই মেশিন দিয়ে নিকাশি নালা পরিস্কার করছে না ? পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবিষয়ে বলেছেন, “যখন যে বোরোর প্রয়োজন হয় সেখানকার এসআই মেশিন নিয়ে নিকাশি নালা পরিস্কার করেন। কিন্তু ভগৎ সিং মোড় সংলগ্ন মহিলা পেট্রল পাম্পের সামনের রাস্তা সহ অন্য যেসব রাস্তায় জল জমছে তার পাশের নিকাশি নালা পরিস্কারের জন্য জেট সাকসন মেশিন কেন কাজে লাগানো হচ্ছে না,তা খোঁজ নিয়ে দেখছি”।
জেট সাকসন মেশিন গ্যারাজে,নিকাশি নালা উপচে জলে ভাসছে রাস্তা
RELATED ARTICLES



