দুর্গাপুর,১৮ সেপ্টেম্বরঃ সারা রাজ্যের সঙ্গে শিল্প শহর দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো। সেই সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মা পূজো মহাসমারোহে পালিত হলো সেইল অধিন্যস্ত দুর্গাপুর ইস্পাত কারখানাতেও। ৩৬৫ দিন যেখানে শুধু বিভিন্ন মেশিনের আওয়াজ শোনা যায়,সেখানে এদিন কারখানার বিভিন্ন বিভাগে শোনা গেল ঢাকের আওয়াজ। পুজো উপলক্ষে ডিএসপির কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় পংক্তি ভোজনের আয়োজন করা হয়। বর্তমানে কারখানায় স্থায়ী কর্মী কমে গেলেও পূজোর আয়োজনে কোনো খামতি ছিল না। ‘আইএনটিইউসি’ অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিতের নেতৃত্বে নিরাপত্তা বিধি মেনে হেলমেট সহকারে সুশৃঙ্খল ভাবে সদস্যরা পুজো পরিক্রমায় অংশগ্রহণ করেন। সিইএম, হেভি মেইনটেনেন্স,কোক ওভেন, বিওএফ (ইলেকট্রিক্যাল),হুইল এন্ড এক্সেল প্লান্ট,প্লান্ট গ্যারেজ,এ-জোন মেইনটেনেন্স সহ বিভিন্ন বিভাগে গিয়ে রজত দীক্ষিত কর্মীদের সাথে মিলিত হন ও প্রতিমা দর্শন করেন। এ প্রসঙ্গে রজত দীক্ষিত জানান, একটা সময় ছিল যখন বিশ্বকর্মা পুজো ঘিরে গোটা শিল্পাঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যেতো। বর্তমানে সেই অবস্থা আর নেই। তথাপি প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় সব বিভাগেই উৎসাহের সঙ্গেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। পুজো ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তিনি বিভিন্ন বিভাগে গিয়ে যেমন ঠাকুর পরিদর্শন করেন তেমনই কারখানার উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অব্যাহত থাকুক এই কামনাও করেন দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের কাছে।
উৎসাহের সঙ্গেই দুর্গাপুর ইস্পাত কারাখানায় বিশ্বকর্মার আরাধনা
RELATED ARTICLES



