Thursday, October 22, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গউৎসবের মরশুমে ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

উৎসবের মরশুমে ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

সংবাদদাতা,অন্ডালঃ পুজোর কিছুদিন আগেই জেলাজুড়ে বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। উৎসবের মরশুমে ফের একবার বাজারে খাবারের গুণমান নিয়ে অভিযান করা হল। ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষায় বৃহস্পতিবার উখড়া বাজারে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে একাধিক দোকানে খাবারের গুণমান,পরিচ্ছন্নতা ও ব্যবহৃত উপকরণ খতিয়ে দেখেন আধিকারিকেরা। কোথাও সংগ্রহ করা হল নমুনা, আবার কোথাও অযোগ্য খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হল। এদিন উখড়ার বাজপাই মোড়ের দুটি বড় মিষ্টির দোকান দিয়ে অভিযান শুরু হয়। মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রীর গুণগত মান,দোকানের পরিচ্ছন্নতা এবং খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে কি না,তা খতিয়ে দেখেন আধিকারিকেরা। শুধু দোকানেই নয়, পরিদর্শন করা হয় মিষ্টি তৈরির কারখানাও। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় পানীয় জল-সহ বিভিন্ন উপকরণের নমুনা। এরপর অভিযানকারীরা পৌঁছয় উখড়া স্কুল মাঠের সামনের একটি ফুচকার দোকানে। সেখানে ফুচকার মশলা ও ঘুগনি খাওয়ার অযোগ্য বলে চিহ্নিত করেন আধিকারিকেরা। তাঁদের নির্দেশে ওই খাবার ফেলে দেওয়া হয়। অন্য একটি মিষ্টির দোকানেও মেলে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় এবং খাওয়ার অনুপযুক্ত ছানার কেক। সেগুলিও নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত,দুর্গাপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ এবং স্থানীয় থানার পুলিশকর্মীরা। বাজারের খাবার কতটা নিরাপদ? উখড়ার এই অভিযান সেই প্রশ্নই সামনে এনে দিল। দোকানের বাহ্যিক চাকচিক্য নয়,খাবারের প্রকৃত গুণমান ও স্বাস্থ্যবিধি মেনে চলাই যে ক্রেতাদের সুরক্ষার মূল শর্ত,তা আরও একবার স্পষ্ট করল খাদ্য সুরক্ষা দফতরের এই পদক্ষেপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments