সংবাদদাতা,অন্ডালঃ একের পর এক ধস,কোথাও মাটি ফুঁড়ে বেরোচ্ছে বিষাক্ত গ্যাস,কোথাও আবার চোখের সামনে মাটির তলায় তলিয়ে যাচ্ছে আস্ত বাড়ি। খনি অঞ্চলের অন্ডালের সিদুলিতে যেন আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে ধস। মাসের পর মাস ধরে এমন ঘটনায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। বারবার অভিযোগ জানিয়েও ইসিএল কর্তৃপক্ষের তরফে সমস্যার স্থায়ী সমাধান না মেলায় ফের একবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল এলাকায়। নিরাপত্তা ও পুনর্বাসনের দাবিতে ইসিএলের শংকরপুর খোলামুখ খনির অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ,গত কয়েক মাসে সিদুলি এলাকায় একাধিকবার ধসের ঘটনা ঘটেছে। কখনও মাটিপুর এলাকায় মাটি ফুঁড়ে বেরিয়েছে বিষাক্ত ধোঁয়া ও গ্যাস, আবার কখনও আচমকাই মাটির গভীরে তলিয়ে গিয়েছে বসতবাড়ি। প্রতিটি ঘটনার পরেই ইসিএল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ও স্থায়ী সমাধানের আবেদন জানানো হয়েছে। কিন্তু অভিযোগ, আশ্বাস ছাড়া কার্যত কিছুই মেলেনি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে এলাকার মানুষকে। বাড়িতে থাকবেন,নাকি যে কোনও মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কায় অন্যত্র চলে যাবেন, সেই অনিশ্চয়তাই এখন তাঁদের নিত্যসঙ্গী। এই পরিস্থিতিতে সোমবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একজোট হয়ে তাঁরা পৌঁছে যান ইসিএলের শংকরপুর খোলামুখ খনির অফিসে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কর্মরত কর্মীদের অফিস থেকে বের করে দেন তারা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে শামিল হন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি ইন্দ্র সেন রায়। আন্দোলনকারীদের দাবি,অবিলম্বে এলাকার মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। ধসপ্রবণ ও বিপজ্জনক এলাকায় বসবাসকারী পরিবারগুলির জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বসতবাড়ি ও জনবসতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিজেপি নেতা ইন্দ্র সেন রায়ের হুঁশিয়ারি,মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না। ইসিএল কর্তৃপক্ষ অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না করলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।
সিদুলিতে আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে ধস
RELATED ARTICLES



