বাঁকুড়া,৮ মেঃ ঐতিহ্য বজায় রেখেই এবারও মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলার একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিল। এবার মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে তৃতীয় স্থান পেয়েছে বাঁকুড়া খ্রিষ্টান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মন্ডল। সে ৭০০ র মধ্যে ৬৯৫ নম্বর পেয়েছে।লেখাপড়া ছাড়াও মৈনাকের নেশা রয়েছে ক্রিকেট খেলায়। প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনী। বড় হয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। নিজের এই সাফল্যের কৃতিত্ব পেশায় ব্যবসায়ী বাবা শিশির মন্ডল ও আইসিডিএস কর্মী মা অর্চনা মন্ডলকে দিতে চায় মৈনাক। অন্যদিকে, এবার মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র রোম কর্মকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। রোমের বাবা অভয় কর্মকার বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক। মা আলপনা কর্মকার গৃহবধূ।




