সংবাদদাতা,উখড়াঃ বেদখল হয়ে যাওয়া নিজেদের ইউনিয়ন অফিস ফিরে পাওয়ার দাবিতে রবিবার বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন উখড়া মিনিবাস অ্যাসোসিশনের সদস্যরা। তাদের দাবি, দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবহার করে আসা তাদের ইউনিয়ন কার্যালয়টি বিজেপি দখল করে রেখেছে।অবিলম্বে সেটি তাদের ফেরৎ দেওয়া হোক।রাজ্যে পালা বদলের পর ক্ষমতায় আসে বিজেপি। ক্ষমতায় আসতেই বিভিন্ন এলাকায় বিরোধীদের পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।যদিও পড়ে বিজেপির উচ্চ নেতৃত্বের নির্দেশে সেই সমস্ত পার্টি অফিস বা ইউনিয়ন অফিসগুলি বিরোধীদের ফেরৎ দেওয়া হয়েছে।এরকমই এক ঘটনা ঘটে উখড়ার মিনিবাস অ্যাসোসিয়েশনের অফিস দখল নিয়ে। অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসতেই মিনিবাস অ্যাসোসিয়েশনের ইউনিয়ন অফিসটি দখল করে নেয়। বাস কর্মীরা বলেন, এই বিষয়ে বিধায়কের কাছে গেলে তিনি তার দলের ছেলেদের চাবি হস্তান্তরের নির্দেশ দেন কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব বিধায়ক এর কথা অমান্য করছেন। যদিও বিজেপির তরফে রানীগঞ্জ মন্ডল ৩ এর সভাপতি ইন্দ্র সেন রায় দাবি করেন, মিনিবাস অ্যাসোসিয়েশনের যে অফিসটির কথা বাসকর্মীরা বলছেন সেটি বিগত ১৫ বছর ধরে তৃণমূলের এক নেতা দখল করেছিল, বর্তমানে সেই জমির মালিকের কাছ থেকে আমরা জমিটি কিনে নিই। তাই জমিটির বা এই অফিসটির উপর অধিকার আমাদের রয়েছে। ইন্দ্রবাবু এও অভিযোগ করেন, যে বিজেপিরই কয়েকজন সদস্য বাস কর্মীদের উস্কানি দিচ্ছে ঝামেলা পাকানোর জন্য। বিজেপির যে সদস্যরা এই ধরনের দল বিরোধী কাজ করছে তাদের শোকজ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে রবিবার কর্মীদের ধর্মঘটের জেরে উখড়া, অন্ডাল, দুর্গাপুর রুটে চলা প্রায় ৪০টি মিনি বাস বন্ধ থাকায় রাস্তায় বের হয়ে বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়।
ইউনিয়ন অফিস ফিরে পেতে মিনিবাস বন্ধ করে প্রতিবাদ কর্মীদের
RELATED ARTICLES



