বাঁকুড়া,৪ জুলাইঃ রাজ্যের প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রী রানিবাঁধের প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির খাতড়া বাজারের পাম্প মোড়ে অবস্থিত বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও অন্যান্য সামগ্রী সহ কন্ডোম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার বিজেপির কর্মী সমর্থক সহ এলাকার বাসিন্দারা ওই বিধায়ক কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। ভিতরে ঢুকে তারা বস্তায় বস্তায় সরকারি ত্রাণের ত্রিপল,কম্বল,শাড়ি,জামাকাপড়,বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বরাদ্দ টাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী দেখতে পান। এছাড়াও লাঠি, তরোয়ালও ছিল সেখানে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ার ফলে বহু সামগ্রী উঁইপোকায় নষ্ট হয়ে গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বর্ষার মরশুমে বহু মানুষ একটি ত্রিপলের জন্য হাহাকার করছেন। অথচ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ওই কার্যালয়ে মজুত করে রাখা হয়েছে। তাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা সেখানে গিয়ে এই সামগ্রী উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে,যাতে প্রকৃত উপভোক্তারা সেগুলির সুবিধা পান। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ,উদ্ধার হওয়া বিপুল সংখ্যক লাঠি বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং বিজেপি কর্মীদের মারধরের জন্য মজুত করে রাখা হয়েছিল বলেও দাবী করেন তারা। খবর পেয়ে খাতড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এবিষয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,ফেব্রুয়ারী মাসে এগুলি সব বিধায়কদের সঙ্গে তার কাছেও এসেছিল কিন্তু সামনেই ভোট ঘোষণা হয়ে যাওয়ায় সেগুলি আর বিলি করা সম্ভব হয়নি বলেই দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল।
প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির পার্টি অফিস থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
RELATED ARTICLES



