দুর্গাপুর,২৮ ফেব্রুয়ারীঃ নাটক দেখার জন্য রাত জাগল তেপান্তর। কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের সাতকাহনিয়া গ্রামে অবস্থিত তেপান্তর নাট্যগ্রাম। দেশে বিদেশের বহু নাটকের দল এই গ্রামে আসে নাটক চর্চা করতে। রতন থিয়াম সহ প্রখ্যাত সব নাট্য ব্যক্তিত্ব এখানে এসেছেন। কলকাতার বাইরে এই প্রথম তেপান্তর নাট্যগ্রামে আয়োজিত হচ্ছে টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব। শুক্রবার বিকেল চারটের সময় শুরু হয়েছে নাট্যোৎসব। শেষ হবে শনিবার বিকেল চারটের সময়। কলকাতা, হাওড়া, নদীয়া, বীরভূম সহ বিভিন্ন জায়গায় থেকে মোট ১৯ টি নাটকের দল এসেছে। ২৪ ঘন্টা ধরে ১৯ টি নাটকের দল নাটক পরিবেশন করবে। প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের শততম জন্মবর্ষ উপলক্ষ্যে নাট্য সংস্থা মিউনাস এই নাট্যোৎসবের আয়োজন করেছে। সংস্থার কর্ণধার উৎসব দাস বলেন ‘এতদিন কলকাতায় তপন থিয়েটারে টানা ২৪ ঘন্টা নাটকের আয়োজন করেছি। এই প্রথম কলকাতার বাইরে একটা নাটকের গ্রাম ২৪ ঘন্টা নাটকের আয়োজন করা হলো। বাদল সরকারের লেখা নাটক পরিবেশন করবে এমন ১৯ টি নাট্যদলকে আমন্ত্রণ করা হয়েছে।’ স্থানীয় দর্শকরা তো আছেন। কলকাতা থেকে অনেক দর্শক এসেছেন তেপান্তর নাট্যগ্রামে নাটক দেখতে। তাঁরা আজ রাত জেগে নাটক দেখবেন। উত্তরপাড়া থেকে তেপান্তর নাট্যগ্রামে নাটক দেখতে এসেছেন কাঞ্চন গুহ। তিনি বলেন ‘নাটকের জন্য একটা গ্রাম। এটা ভাবা যায় না। এখানে না এলে কেউ জানতে পারবেন না চার দেওয়ালের বাইরে প্রাকৃতিক পরিবেশে নাটক চর্চা করা যায়।’
কলকাতার বাইরে এই প্রথম কাঁকসায় টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব
RELATED ARTICLES



