দুর্গাপুর,২৬ ফেব্রুয়ারীঃ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর উদ্যোগে এবং জয় বালাজি ইন্ডাস্ট্রিজ-এর সহযোগিতায় দুর্গাপুরের বন্ধ থাকা এমএএমসি কারখানার গেস্ট হাউসে চালু হতে চলেছে ইউপিএসসি কোচিং সেন্টার। একই সঙ্গে এই গেস্ট হাউসের অন্য অংশে করা হচ্ছে একটি ওল্ড এজ হোম। বৃহস্পতিবার এই দুটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জয় বালাজি ইন্ডাস্ট্রির কর্ণধার গৌরব জাজোডিয়া, এডিডিএর সিইও অদিতি চৌধুরী প্রমূখ। উদ্যোক্তাদের দাবি, কলকাতার পরে রাজ্যে এই প্রথম এমন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে একই সঙ্গে ইউপিএসসি প্রস্তুতির জন্য আধুনিক কোচিংয়ের সব ধরনের সুবিধা থাকবে। তাতে এবার দুর্গাপুরের ছেলেমেরাও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য নিজেদের তৈরী করতে পারবে। জানা গেছে,এই কোচিং সেন্টারের যাবতীয় পরিকাঠামো গড়ে দেবে সংশ্লিষ্ট বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে কোচিং সেন্টার চালু হলে সেখানে ছাত্রছাত্রীদের পড়াবেন দেশের নামী আইপিএস ও আইএএস অফিসাররা।




