সংবাদদাতা,জামুড়িয়াঃ দুর্গাপুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় জামুড়িয়ার ইকড়া শিল্পাঞ্চলে শ্যাম সেল কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার শ্রমিকের। কারখানার তিন নম্বর গেটের কাছে সার্থকপুর শ্মশান সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ চিমনির (সাইলো) কংক্রিটের কাঠামো ভেঙে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাকে ঘিরে শিল্পাঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ,দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়। বাকি তিন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার, জেলাশাসক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জামুড়িয়ার বিধায়ক তথা চিকিৎসক ডাঃ বিজন মুখোপাধ্যায়। তিনি উদ্ধারকাজ তদারকির পাশাপাশি আহত শ্রমিককে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। কারখানার প্ল্যান্ট হেড সূর্য মাইতি চার শ্রমিকের মৃত্যুর কথা স্বীকার করে জানান, কীভাবে কংক্রিটের কাঠামো ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজে ব্যবহৃত সাপোর্ট সিস্টেম ও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কি না,তা তদন্ত করে দেখা হবে। এদিকে, দুর্ঘটনার পর মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু হয়। বিধায়ক ডাঃ বিজন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। আলোচনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর ফের শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
জামুড়িয়ায় বেসরকারী কারখানায় নির্মিয়মান চিমনি ভেঙে ৪ শ্রমিকের মৃত্যু
RELATED ARTICLES



