সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ‘শিল্প সাহিত্য পরিবার’ এর পক্ষ থেকে ইস্পাতনগরীর এডিসন রোডের মেজর পার্কে আয়োজন করা হয়েছিল একইসঙ্গে বসন্ত উৎসব ও আন্তর্জাতিক নারী দিবস। এখানে দুর্গাপুরের সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা সকলেই সমাজে নারীর গুরুত্ব ও তাদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। নারী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সাহিত্যিক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। জেমুয়া ভাদুবালা হাইস্কুলের প্রধান শিক্ষক জইনুল হক বলেন, বাংলা আমার মাতৃভাষা। আমি গর্বিত আমি বাঙালি। আমি ধর্ম মানি না,নাস্তিকতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানবতা। বিশ্বাস করি মানব সম্প্রীতি। এখানে প্রকাশিত হলো মায়েদের নিয়ে কবিদের লেখা কবিতা গ্রন্থ মা। গ্রন্থটি উৎসর্গ করা হলো শিল্প সাহিত্য পত্রিকার পরিবারের সম্মানীয় এক মা স্মিতা ঘোষকে। গৌতম রায়ের কাব্য গ্রন্থ সাদা কলম উদ্বোধন হল এই অনুষ্ঠানে। বর্ষ সেরা নারী সম্মান পেলেন বিখ্যাত চলচ্চিত্রকার ও দুর্গাপুরের কন্যা দীপান্বিতা সেনগুপ্ত,সাহিত্যিক সংহিতা মিত্র,দশ বছর বয়সী মিস ইন্ডিয়া আরোহী চ্যাটার্জি। সে জয়পুরে অনুষ্ঠিত ফ্যাশন প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া উপাধি পেয়েছে ওর বিভাগে শ্রেষ্ঠ স্থান লাভ করে। জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা পারভীন পেল তার বিদ্যালয়ে অসাধারণ আল্পনা ও স্কুলের দেওয়াল চিত্রণের জন্য বিশেষ নারী সম্মান। ভাষা সেবক সম্মান পেলেন বিশিষ্ট রবীন্দ্র সাহিত্য বিশেষজ্ঞ ও প্রাক্তন অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস। ভাষা সৈনিক সম্মান পেলেন সাহিত্যিক সনৎ বন্দ্যোপাধ্যায়। ভাষা সেবক সম্মান পেলেন সন্তোষ বিশ্বাস। শ্রেষ্ঠ নারী সম্মান পেলেন দীপান্বিতা সেনগুপ্ত। এছাড়াও সম্মনিত হলেন বাচিক শিল্পী কাকলি রায় সহ আরও কয়েকজন মহিলা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রাজীব ঘাঁটি।





