সংবাদদাতা,দুর্গাপুরঃ কার্যালয় দখল করার অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে বেনাচিতির গুরুদুয়ারায়। বিগত দীর্ঘ কয়েকমাস ধরেই গুরুদুয়ারার অফিস কার দখলে থাকবে,কে চালাবে কমিটি এনিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যেখানে মামলাও করা হয়েছে। সামনেই গুরু পুর্ণিমা কিন্তু তার আগেই আবারও সেই বিবাদ শুরু হল। পুরনো কমিটির অভিযোগ, কমিটির মেয়াদ এখনও শেষ না হলেও তাঁদের গুরুদুয়ারায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আরও অভিযোগ,আদালতের নির্দেশের পরেও গুরুদুয়ারার কিছু লোকজন অফিসে তালা লাগিয়ে রাখছে। পাল্টা তালা লাগাতে গেলে সেই তালাও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। নিজেকে গুরুদুয়ারা কমিটির সভাপতি বলে দাবি করে চঞ্চল সিং বলেন, “আমার কমিটির মেয়াদ ২০২৮ সালের মে মাস পর্যন্ত রয়েছে। কিন্তু এরপর কিছু লোক আমার বিরুদ্ধে উল্টোপাল্টা মিথ্যা অভিযোগ এনে পেশিশক্তি দেখিয়ে গুরুদুয়ারা দখল করে নেয় এবং সব জায়গায় তালা লাগিয়ে দেয়। যেহেতু আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, তাই আজ আমাদের কমিটির লোকজন সেখানে গিয়ে নিজেদের তালা লাগিয়েছিল। কিন্তু আমি শুনেছি যে ওরা আবারও পেশিশক্তি দেখিয়ে সেই তালা ভেঙে দিয়েছে,যা সম্পূর্ণ অন্যায়। ওরা দাবি করছে আমাদের কাছে নাকি কোনো কাগজপত্র নেই। কিন্তু আমার কাছে গুরুদুয়ারা ও গুরুদুয়ারা অফিসের পক্ষে আদালতের সম্পূর্ণ বৈধ কাগজপত্র রয়েছে। ওটা স্কুলের কোনো কাগজ নয়। সেখানে কোনো মারামারি বা কাউকে মারধর করার ঘটনা ঘটেনি। তালা লাগানো ছিল,ওরা তালা ভেঙে দিয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়,তা আমরা দেখব। ওরা আমাদেরই সোসাইটির লোক কিন্তু আগে ওরা কমিটিতে ছিল না। জোর করে নতুন কমিটি বানিয়েছে এবং আদালতের আইন মানছে না। আমরা এখন ন্যায়বিচার চাই।” অন্যদিকে,পাল্টা দাবি করে নিজেকে গুরুদুয়ারা কমিটির সম্পাদক বলে পরিচয় দেন গুরমিত সিং। তিনি বলেছেন,”ওরা আমাদের সঙ্গে বসতে চাইছে না। সেই জন্যই ঝামেলা হচ্ছে। হাইকোর্টের কাগজপত্র আছে স্কুলের নামে।” গুরু পুর্ণিমার আগে গুরুদুয়ারা দখল নিয়ে এই ধরনের অশান্তির ঘটনা নিয়ে অনেক সদস্যই অসন্তোষ প্রকাশ করেছেন।
কার্যালয় দখল ঘিরে উত্তেজনা বেনাচিতির গুরুদুয়ারায়
RELATED ARTICLES



