দুর্গাপুর,৯ সেপ্টেম্বরঃ ভবন সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে একের পর এক সরকারি ত্রিপল। কিভাবে ঠিকাদারের কাছে এলো সরকারী ত্রিপল? এই প্রশ্ন তুলে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের এবিএল কলোনি এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। বিজেপির অভিযোগ, একটি-দুটি নয়,প্রায় ৪০ থেকে ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে ভবন সংস্কারের কাজে। ঘটনাস্থলে একাধিক ত্রিপল দেখতে পাওয়া গিয়েছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের। আর এখানেই উঠছে বড় প্রশ্ন এই বিপুল সংখ্যক সরকারি ত্রিপল এল কোথা থেকে? কীভাবেই বা সেগুলি ঠিকাদারের হাতে পৌঁছল? বিজেপির আরও অভিযোগ, ওই ত্রিপলগুলির বেশ কয়েকটিতে রয়েছে প্রাক্তন সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগো। ফলে সরকারি সম্পত্তি কীভাবে ব্যক্তিগত নির্মাণ বা সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে,তা নিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি কনভেনার তরুণ দাসের অভিযোগ,বিপুল সংখ্যক সরকারি ত্রিপল ব্যবহার করে সংস্কারের কাজ চলছে। ওই ঠিকাদার প্রায় ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করে কাজ করছে। এইসব ত্রিপলগুলিতে প্রাক্তন সরকারের বিশ্ব বাংলার লোগো দেওয়া রয়েছে। ঠিকাদার বলছেন,তিনি গরিব লোকেদের কাছ থেকে ত্রিপল কিনেছেন। আবার ওদের সংস্থার লোকই বলছে,তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে ত্রিপল পেয়েছেন। পুলিশের কাছে আমরা তদন্ত চাইছি।” অন্যদিকে ঠিকাদার প্রভাকর পাণ্ডের দাবি, “গরিব মানুষরা আমার কাছে ত্রিপল বিক্রি করেছে। আমি সেই জন্য কিনেছি। কিন্তু আমাকে চাপ দেওয়া হচ্ছে।”
ভবন সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে সরকারী ত্রিপল, ঠিকাদারকে ঘিরে বিজেপির বিক্ষোভ
RELATED ARTICLES



