দুর্গাপুর,৯ সেপ্টেম্বরঃ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগে আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বিভাগের বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারী উপস্থিত থেকে আগামী দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। কনভেনশনে উপস্থিত ছিলেন ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি তথা কনভেনার রজত দীক্ষিত,বিভাগের জোনের জয়েন্ট সেক্রেটারি সমীর রায়,ভাইস-প্রেসিডেন্ট রানা সরকার, অর্গানাইজিং সেক্রেটারি রবীন গাঙ্গুলি-সহ ইউনিয়নের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং শ্রমিকরা। সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের টাউনশিপ,হাসপাতাল এবং অন্যান্য সম্পত্তি ও পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্পত্তি ও পরিষেবা অব্যবস্থাপনার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে,তার অবিলম্বে সমাধানের দাবি জানানো হয়। হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি তথা কনভেনার রজত দীক্ষিত বলেন,শ্রমিকদের স্বার্থে আগামী দিনে আরও সুসংগঠিত ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু একটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত শ্রমিক ও কর্মচারীকে ঐক্যবদ্ধ করে ন্যায্য দাবির পক্ষে আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভায় আগামী দিনে ঘোষিত ইডিএইচআর কর্মসূচিকে ব্যাপক ও গণভিত্তিকভাবে সফল করার জন্য সকল শ্রমিককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়াও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আর্থিক সাফল্য ও লাভের বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের জন্য সম্মানজনক পুজো বোনাস প্রদানের দাবিও জানানো হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শ্রমিকদের পুরনো সমস্ত বকেয়া দাবি অবিলম্বে নিষ্পত্তি করা এবং নতুন ওয়েজ বোর্ড দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
বিভিন্ন দাবিতে ডিএসপিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আইএনটিইউসির
RELATED ARTICLES



