বাঁকুড়া,১১ সেপ্টেম্বরঃ ভিবিজি রামজি প্রকল্পে এলাকায় কাজ শুরু হলেও কাজ পাচ্ছেন না এলাকার সব জব কার্ডধারী। প্রতিবাদে ক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁধারথোল গ্রাম পঞ্চায়েতের পুরুণ্ডি কলাবতি মৌজায়। অবিলম্বে সকলকে কাজ দেওয়ার দাবি তুলেছেন এলাকার জবকার্ডধারীরা। উল্লেখ্য,বিগত তৃণমূল সরকারের আমলে দূর্নীতি,বেনিয়ম ও স্বজনপোষণের অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল একশো দিনের কাজ। ফলে দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চনার শিকার জবকার্ডধারী শ্রমিকেরা। পালাবদলের পর নতুন করে রাজ্যে ভিবিজি রামজি প্রকল্পের কাজ শুরু হওয়ায় কাজ করার জন্য রাজ্যের সমস্ত জায়গার মতোই কার্যত মুখিয়ে ছিলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁধারথোল গ্রাম পঞ্চায়েতের পুরুণ্ডি কলাবতি গ্রামের জবকার্ডধারী শ্রমিকেরা। সম্প্রতি ওই গ্রামে ভিবিজি রামজি প্রকল্পে নিকাশি নালা খননের কাজ শুরু হয়। এই কাজ শুরু হলে এলাকার সমস্ত জবকার্ডধারীরা কাজের দাবিতে ভিড় জমান। কিন্তু অভিযোগ, হাতে গোনা কয়েকজন জবকার্ডধারী শ্রমিককে ওই কাজে যুক্ত করা হলেও বেশিরভাগ শ্রমিক কাজ পাননি। কাজ না পাওয়া শ্রমিকেরা কাজের দাবিতে জড়ো হলেও তাঁদের কাজ না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রকল্পের সুপারভাইজার উজ্জ্বল তেওয়ারির দাবি,নিকাশি নালা খননের কাজটির জন্য বরাদ্দ বেশ কম। স্বাভাবিক ভাবেই যেসব শ্রমিকেরা প্রথম ধাপে কাজের চাহিদার কথা জানিয়েছিলেন তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে অন্যদের কাজ দেওয়া হবে।
ভিবিজি রামজি প্রকল্পে কাজ না পেয়ে বিক্ষোভ শ্রমিকদের
RELATED ARTICLES



