দুর্গাপুর,২৬ সেপ্টেম্বরঃ দুর্গাপুর পুরসভায় বর্তমানে ৪৩টি ওয়ার্ড রয়েছে। কিন্তু, এবার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর দফতর। ৪৩ থেকে বেড়ে এবার ওয়ার্ড সংখ্যা হবে ৫৩টি। এই ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে শনিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংখ্যা বৃদ্ধির বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মুখার্জী ও ধর্মেন্দ্র যাদব। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত ও দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন জেলার প্রাক্তন সভাপতি নেতা দেবেশ চক্রবর্তী। সিপিএমের হয়ে বৈঠকে যোগ দেন বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ বসু। এছাড়াও বহুজন সমাজ পার্টির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল এবং দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি এবং তার সঙ্গে যুক্ত পুনর্বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার দাবি সংবলিত একটি পোস্টার বুকে লাগিয়ে তার বক্তব্য তুলে ধরেন। সিপিএমের পক্ষে বিশ্বরুপ চট্টোপাধ্যায় বলেন, এখনো জনগণনা শেষ হয়নি। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। এনিয়ে তারা বৈঠকে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত জানা গেছে,ওয়ার্ডের সংখ্যা বাড়লেও নতুন করে কোনো এলাকা দুর্গাপুর পুরসভায় যুক্ত করা হচ্ছে না। সেই সঙ্গে পুরসভার যে সীমারেখা রয়েছে তারমধ্যেই ওয়ার্ড সংখ্যা বাড়ানো হবে। বড় ওয়ার্ড ভেঙে ভাগ করার ফলে বর্তমান বেশির ভাগ ওয়ার্ডের যে সংখ্যা রয়েছে,তারও পরিবর্তন হবে।
ওয়ার্ড বাড়লেও নতুন এলাকা যুক্ত হচ্ছে না দুর্গাপুর পুরসভায়
RELATED ARTICLES



