সংবাদদাতা,দুর্গাপুরঃ বহু পুরানো আদালত ভবনটির বেহাল দশার কারনে সিটি সেন্টারে তৈরী হয়েছে নতুন আধুনিক একটি আদালত ভবন। কিন্তু আজও সেই ভবনটি চালু হল না। অথচ পুরানো ভবনটি বিপদজনক অবস্থায় রয়েছে। এই অবস্থায় দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আহ্বানে সোমবার নতুন আদালত ভবনটি পরিদর্শন করতে আসেন তিন বিধায়ক যথাক্রমে দুর্গাপুর পূর্বের চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,পশ্চিমের লক্ষণচন্দ্র ঘোড়ুই ও রানীগঞ্জের পার্থ ঘোষ। ভবনের গেট খোলার পরই সেখানে সাপ ঘোরাফেরা করতে দেখা যায়। আরও ভিতরে প্রবেশ করতেই দেখা যায় বিভিন্ন অংশে জল জমে রয়েছে। জমা জলের কারণে নষ্ট হচ্ছে নতুন আদালত ভবনের দামি ফার্নিচার। পাশাপাশি ভবনের বিভিন্ন অংশ থেকে চাঙড় খসে পড়ার ঘটনাও নজরে আসে। ফলে নতুন আদালত ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনটি দীর্ঘদিন ব্যবহার না করার কারনেই এই বেহাল দশা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধায়কদের দাবি,পুরনো আদালত ভবনের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতির মধ্যেই আইনজীবীদের কাজ করতে হচ্ছে,যা অত্যন্ত সমস্যার বলে জানান তাঁরা। বিধায়করা বলেন,খুব কষ্ট করে আইনজীবীদের কাজ করতে হচ্ছে। আমরা আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাব,যাতে যত দ্রুত সম্ভব নতুন আদালত ভবনটি সাধারণ মানুষের ও আইনজীবীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
দুর্গাপুরের নতুন আদালত ভবন পরিদর্শন করলেন তিন বিধায়ক
RELATED ARTICLES



