Friday, October 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী উদযাপন

দুর্গাপুরে মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী উদযাপন

দুর্গাপুর,২ অক্টোবরঃ  জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী এক ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো ইস্পাত নগরীর গান্ধী মোড়ে মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা কমিটির পরিচালনায়। এই উপলক্ষ্যে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে শতাধিক ছাত্র,ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য মশাল মিছিল বের করা হয়। এই মিছিলের মাধ্যমে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়। মশাল দৌড়ের সহযোগিতায় ছিলেন দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা তথা এএসপির  ক্রীড়া বিভাগের কর্মী প্রদীপ গোপ। সিটি সেন্টারের প্রায় ৩ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে গান্ধী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে গান্ধীজীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান ডিএসপির সিজিএম (টাউন সার্ভিস) প্রমোদ কুমার সিনহা,মুখ্য জনসংযোগ অধিকর্তা বেদবন্ধু রায়,ডিএসপির বিশিষ্ট শ্রমিক নেতা রজত দীক্ষিত সহ সমাজের বিশিষ্ট মানুষ জন। বক্তারা সবাই জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে তাদের বক্তব্য পেশ করেন। মূলতঃ তাদের বক্তব্যে মহাত্মা গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের আদর্শকে স্মরণ করা হয়। আয়োজক সংস্থার সাধারন সম্পাদক তথা শিক্ষক ও সমাজসেবী সুদেব রায় বলেন, ‘গান্ধীজি শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি ছিলেন সত্য,অহিংসা এবং মানবতার প্রতীক। তাঁর দেখানো পথ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়’। এদিন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব,বেসরকারী ও সরকারি সংস্থাতেও নানা কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments