সংবাদদাতা,আসানসোলঃ আসানসোলের ঐতিহ্যবাহী বন্ধ সাইকেল কারখানাকে কেন্দ্র করে আবার নতুন করে শিল্পায়নের আশা শিল্পাঞ্চলে। মুখ্যমন্ত্রীর পর সারথি সাইকেল প্রকল্প নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্য পুর ও নগরন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে ‘সারথি’ প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের সাইকেল বিলি অনুষ্ঠানকে সামনে রেখে আসানসোলের শিল্প ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের নতুন দিগন্তের ইঙ্গিত পুরমন্ত্রীর মুখে। শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। সারথি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজে সাইকেল চালিয়ে ও শিক্ষার্থীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে এক আন্তরিক আবহাওয়া তৈরি করেন। রাজ্যে সাইকেল তৈরির প্রশাসনিক ঘোষণার রেশ ধরেই মন্ত্রী আসানসোলকে পুনরায় সাইকেল তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তোলেন। একসময় ১৯৫২ সালে পথ চলা শুরু করা আসানসোলের বিখ্যাত সেনরেল কারখানায় তৈরি ‘বলাকা’ বা ‘হ্যামার’ মডেলের সাইকেল শুধু বাংলাতেই নয়,বিশ্বজুড়ে সমাদৃত ছিল। ২০০১ সালে কারখানাটি বন্ধ হয়ে গেলেও সেখানকার পুরোনো ঐতিহ্য ও পরিকাঠামো এখনও অমূল্য সম্পদ। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন,রাজ্যেই এবার তৈরি হবে সারথি প্রকল্পের বাই সাইকেল। সেই নীতির কথা মনে করিয়ে দিয়েই পুরমন্ত্রী আশ্বাস দেন,বন্ধ কারখানার আইনি জট ও জমির সমস্যা কাটিয়ে সেখানে নতুন শিল্প স্থাপনের জোর প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে। সাইকেল কেবল যাতায়াতের মাধ্যম নয়,তা স্বাবলম্বী হওয়ার নতুন পথ। মন্ত্রীর এই বক্তব্যের পর আসানসোলের সেনরেলের বন্ধ জমিতে ফের চাকা ঘুরলে তা গোটা অঞ্চলের শিল্পচিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সারথি প্রকল্প নিয়ে বন্ধ সাইকেল কারখানা খোলার দাবি পুরমন্ত্রীর
RELATED ARTICLES



