সংবাদদাতা,দুর্গাপুরঃ ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে মহাত্মা গান্ধীকে অসন্মান করার অভিযোগ তুলেছে কারখানার অন্যতম শ্রমিক সংগঠন আইএনটিইউসি। তারই প্রতিবাদে মঙ্গলবার ‘আইএনটিইউসি’ অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র পক্ষ থেকে কারখানার মুখ্য প্রশাসনিক ভবন ‘ইস্পাত ভবনের’ সামনে ডিএসপি কর্তৃপক্ষের এই ধরনের ভূমিকাকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন সংগঠনের নেতাকর্মীরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতি নিয়ে কালো পতাকা ও কালো ব্যাজ পড়ে ডিএসপি মেইন গেট থেকে মিছিল করে ইস্পাত ভবনের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,“প্রতি বছর গান্ধীজীর জন্মদিনে ডিএসপি ম্যানেজমেন্ট সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে আসছে এ-জোন স্টিল ক্লাবে। সেখানে সব ইউনিয়ন সহ সমাজের সর্বস্তরের মানুষ থাকতেন। ডিআইসি (ডিএসপি ও ইস্কো) সহ ম্যানেজমেন্টের পদস্থ আধিকারিকরাও থাকতেন। কিন্তু,এই বছর কোনো এক অজ্ঞাত কারণে সেই অনুষ্ঠান না করে জাতির জনককে অপমান করা হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, “ইস্পাতনগরীর গান্ধী মোড়ে প্রতি বছর ‘মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক সুদেব রায়ের উদ্যোগে যে অনুষ্ঠান হয়ে থাকে সেখানেও এবার ডিএসপির ইডি-রা কেউ উপস্থিত ছিলেন না। অথচ,সুদেব রায় নিজে ডিআইসি সহ সমস্ত ইডি-দের আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিলেন”। এদিনের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সহসভাপতি রাণা সরকার,যুগ্ম সম্পাদক রীপা দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
গান্ধীজীকে অসম্মান করার অভিযোগে আইএনটিইউসির বিক্ষোভ
RELATED ARTICLES



