দুর্গাপুর,২২ নভেম্বরঃ আপাতত আইএনটিউসির নতুন কোনো রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হল না। দুর্গাপুরে অনুষ্ঠিত আইএনটিইউসির রাজ্য সম্মেলনে এসে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত যাদব ঘোষণা করেন,আগামী তিন বছর পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সভাপতির হিসেবে বর্তমান সভাপতি কামরুজ্জামান কামার সংগঠনের দায়িত্বে থাকছেন। সেইসঙ্গে তিনি জানান, দিল্লিতে আগামী ১,২,৩ ডিসেম্বর আইএনটিইউসির সর্বভারতীয় প্লেনারী সেশন্ হবে। উল্লেখ্য, রবিবার দুর্গাপুর স্টিল টাউনশিপের গুরু নানক রোডে সংগঠনের কার্যালয় ‘আনন্দ লাবণ্য’ ভবনে প্রদেশ আইএনটিইউসি’র ২৭ তম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হলো। সকালে সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত যাদব। শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের রাজ্য সভাপতি মনে কামরুজ্জামান কামার, জেলা আইএনটিইউসি’র সভাপতি সুভাষ সাহা,রাজ্য আইএনটিইউসি’র সিনিয়র সেক্রেটারী রজত দীক্ষিত,প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সূচনা পর্বে সংগঠনের মহিলা সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। আইএনটিইউসি’র রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার দুর্গাপুর স্টিল প্লান্ট ও অ্যালয় স্টিল প্লান্টের সম্ভাব্য সংযুক্তিকরণ এবং কেন্দ্রের নতুন চারটি শ্রম আইন এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি জানান,অনেক আগেই সংগঠনের রাজ্য ও জাতীয় নেতৃত্ব কেন্দ্রের শ্রমনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নতুন কেন্দ্রীয় নীতির কারণে শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হতে চলেছে বলে অভিযোগ তুলে আগামী দিনে দেশ জুড়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিইউসি’র রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ,পুরনো ২৯টি শ্রম আইনকে একত্রিত করে নতুন লেবার কোড আনার ফলে শ্রমিকদের অধিকার ও আন্দোলনের পরিসর সংকুচিত করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য নেতারা জানান,ডিএসপি ও এএসপির সংযুক্তিকরণ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দুই কারখানার যে আধুনিকীকরণ হওয়ার কথা ছিল,তা এখনও সম্পূর্ণ হয় নি। সম্প্রতি কেন্দ্রের ঘোষিত নতুন উন্নয়নমূলক স্কিম কে স্বাগত জানালেও, সংযুক্তিকরণের ফলে শ্রমিকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কারখানার উন্নয়ন সুনিশ্চিত হয়, সে বিষয়ে তারা নজর রাখবেন বলে জানান। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্মেলনের রিসেপশন কমিটির চেয়ারম্যান তথা রাজ্য আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারী রজত দীক্ষিত জানান, এদিনের সন্মেলনে প্রায় ১০০০ জন প্রতিনিধি যোগদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএসডাব্লুইউ এর সহ সভাপতি পরেশনাথ কর্মকার। আইএনটিইউসি-র এই রাজ্য সম্মেলন মূলত শ্রমিক সংগঠনের কর্মী ও প্রতিনিধিদের নিয়েই আয়োজন করা ছিল। কিন্তু সম্মেলনস্থলে জেলা কংগ্রেসের সভাপতি হরজিৎ সিং এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেসের কর্মীরা প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ। এই সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও রাজ্য সম্মেলনের রিসেপশন কমিটির চেয়ারম্যান তথা রাজ্য আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারী রজত দীক্ষিত তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন এবং তাদের সম্মেলনে প্রবেশ করার অনুমতি দেন।
দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ‘আইএনটিইউসি’র ২৭ তম রাজ্য সন্মেলন
RELATED ARTICLES



