সংবাদদাতা,অন্ডালঃ গ্রামে আর কোনও লক্ষ্মীপুজো হয় না। ব্যতিক্রম শুধু সিংহ পরিবারের পুজো। আর সেই পুজোকে ঘিরেই প্রতি বছর উৎসবের চেহারা নেয় অন্ডালের খাঁন্দরা গ্রাম। প্রায় ১৭৮ বছর ধরে চলে আসা এই প্রাচীন লক্ষ্মীপুজো আজও অটুট রেখেছে ঐতিহ্য ও পারিবারিক পরম্পরা। পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় জমান গ্রামের বাসিন্দা থেকে শুরু করে আশপাশের এলাকার বহু মানুষ। সিংহ পরিবারের প্রচলিত কাহিনি অনুযায়ী, আজ থেকে প্রায় ১৭৮ বছর আগে সুধাকৃষ্ণ সিংহ নামে পরিবারের এক সদস্য মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ মেনেই খাঁন্দরা গ্রামে শুরু হয় লক্ষ্মীপুজো। পরিবারের আদি বাসস্থান ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। সেখান থেকেই মা লক্ষ্মীর নির্দেশে খাঁন্দরা গ্রামে এসে পুজোর প্রচলন করেন সুধাকৃষ্ণ সিংহ। পরবর্তী সময়ে এই এলাকাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করে সিংহ পরিবার। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। কিন্তু বদলায়নি সিংহ পরিবারের লক্ষ্মীপুজোর ঐতিহ্য। বংশপরম্পরায় চলে আসা প্রাচীন রীতি মেনেই আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। গ্রামের একমাত্র লক্ষ্মীপুজো হওয়ায় এই উৎসব ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে বিশেষ আবেগ ও উৎসাহ। তিন দিন ধরে পুজো,ভক্তদের সমাগম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে সিংহ পরিবারের এই লক্ষ্মীপুজো শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে খাঁন্দরা গ্রামের ঐতিহ্য ও সামাজিক মিলনমেলার অন্যতম কেন্দ্র। প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে আজও সেই বিশ্বাস,ভক্তি ও পরম্পরার ধারাই বহন করে চলেছে এই প্রাচীন পুজো।
১৭৮ বছর ধরে ঐতিহ্যের লক্ষ্মী পুজো খাঁন্দরার সিংহ পরিবারে
RELATED ARTICLES



