সংবাদদাতা,বাঁকুড়াঃ পুজোতে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নবমীর দিন সেখানেই স্থানীয় মণ্ডপে প্রসাদ খেতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বছর ৭০ এর প্রতিমা বাগদি। প্রায় ১০ দিন পর সেই বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হল স্থানীয় একটি ধানজমির ভেতর থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পায়রাচালি গ্রামের বছর সত্তরের বাসিন্দা প্রতিমা বাগদি পুজো উপলক্ষে খাতড়ার রাজাপাড়া এলাকায় ছোট মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নবমীর দুপুরে স্থানীয় রাজাপাড়ার পুজো মণ্ডপে খিঁচুড়ি প্রসাদ খেতে যান ওই বৃদ্ধা। তারপর তিনি আর মেয়ের শ্বশুরবাড়িতে ফিরে যাননি। নিখোঁজ বৃদ্ধার খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও কোনো সন্ধান মেলেনি। পরিবারের তরফে খাতড়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। এরই মাঝে খাতড়া বাজার সংলগ্ন চুয়াকানালির লোকনাথ মন্দিরের সামনে থাকা ধান জমি থেকে প্রবল পচা দূর্গন্ধ বেরোতে শুরু করে। দূর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন ধান জমির ভেতরে পড়ে রয়েছে নিখোঁজ ওই বৃদ্ধার পচাগলা মৃতদেহ। খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কিভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
নবমীতে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
RELATED ARTICLES



