সংবাদদাতা,দুর্গাপুরঃ দীপাবলির রাতে হোটেলের ঘর ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন দাস। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার অন্তর্গত ভিড়িঙ্গি সংলগ্ন একটি হোটেলের ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর বসানো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে হোটেলে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। অভিযানে হোটেলের ঘর থেকে নগদ ৭১ হাজার টাকা এবং জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুর্গাপুর পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থাকায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ পাঁচজনকে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। তাদের ৫ দিনের জেল হেফাজত হয়েছে।
হোটেলে জুয়ার আসর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ গ্রেফতার ৫
RELATED ARTICLES



