দুর্গাপুর,১০ নভেম্বরঃ স্কুল পড়ুয়াদের জন্য আর্থিক পুরস্কার সহ বড় ধরনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ নভেম্বর দুর্গাপুরের সৃজনীতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। মুঠোফোনের স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ার হাতছানি থেকে নতুন প্রজন্মকে বের করে এনে জ্ঞানচর্চা,যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আঙিনায় ফিরিয়ে আনার উদ্যোগ। সেই লক্ষ্যেই দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা কুইজ প্রতিযোগিতা ‘QUEST 2026’। বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার প্রতি ক্রমবর্ধমান আসক্তি অভিভাবকদের পাশাপাশি সমাজের কাছেও উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের ভার্চুয়াল জগতের বাইরে এনে বই, জ্ঞান, যুক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটানোর লক্ষ্যেই ক্লাব সমন্বয়ের এই বিশেষ উদ্যোগ। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতায় ৩০০-রও বেশি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২০০টি স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করে নাম নথিভুক্ত করেছে। সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক বিষয়, সিনেমা ও বিনোদন জগত একাধিক বিষয়ের উপর থাকবে আকর্ষণীয় প্রশ্ন। এর মাধ্যমে পড়ুয়াদের জ্ঞানের পরিধি যাচাইয়ের পাশাপাশি উপস্থিত বুদ্ধি, যুক্তিবোধ ও চিন্তাশক্তিরও পরীক্ষা নেওয়া হবে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ প্রায় ২ লক্ষ টাকার পুরস্কার মূল্য। অংশগ্রহণকারীদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইন ও কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকদের মতে,এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি কুইজ প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস,সুস্থ প্রতিযোগিতার মানসিকতা এবং বইমুখী সংস্কৃতি গড়ে তোলার একটি উদ্যোগ।
স্কুল পড়ুয়াদের নিয়ে ২ লক্ষ টাকা পুরস্কার অর্থের মেগা কুইজ প্রতিযোগিতা
RELATED ARTICLES



