দুর্গাপুর,১১ নভেম্বরঃ ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা হলো হিন্দু সম্প্রদায়ের একটি জনপ্রিয় উৎসব,যা ভাই ও বোনের ভালোবাসার বন্ধন ও ভাইয়ের দীর্ঘায়ু কামনায় পালন করা হয়। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দু’দিন পর) এই উৎসব অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় এদিন পালিত হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়া তথা ভাই ফোঁটা। সিটি সেন্টারের নন কোম্পানী অ্যাসোসিয়েশন সভাগৃহে এন সি আর সি প্রভাতী যোগ,প্রাণায়াম ও লাফিং ক্লাবের সদস্য ও সদস্যারা অভিনব বোন ফোঁটা ও ভাই ফোঁটার আয়োজন করেন। ভাইয়েরা বোনেদের মঙ্গল কামনায় বোনেদের কপালে চন্দন তিলক পরান। বোনেদের সুস্থ জীবন কামনায় এই ভাইফোঁটার আয়োজন করা হয়। বোনেরাও ভাইদের কপালে চন্দন তিলক পরিয়ে ভাইদের দীর্ঘ জীবন কামনা করেন। বিশিষ্ট পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি,কবি ও সাহিত্যিক রাজীব ঘাঁটি,কবি স্নেহাশিস মুখোপাধ্যায় সহ সিটি সেন্টার এলাকার অনেক প্রবীন মানুষ এই বোন ফোঁটা ও ভাই ফোঁটায় অংশ নেন। সীমা দত্ত চ্যাটার্জি বলেন,ভাইদের কপালে ফোঁটা দেবার প্রথা চালু সর্বত্র কিন্তু এখানে ভাইদের বোনেদের কপালে চন্দন তিলক পরানোর অনুষ্ঠান বেশ অভিনব। এভাবে বোনেদের যে সম্মান জানানো হলো তাতে তিনি অভিভূত। প্রাণায়াম ক্লাবের প্রশিক্ষক প্রণয় রায় জানান, বোনেদের মঙ্গল কামনায় প্রতি বছর এই বোন ফোঁটার আয়োজন করা হয়।
লাফিং ক্লাবে ভাই ফোঁটার সঙ্গে হলো বোন ফোঁটাও
RELATED ARTICLES



