দুর্গাপুর,১২ নভেম্বরঃ পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুর্গাপুরের জব্বরপল্লী এলাকায় এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শ্যাম কুমার দাস। জানা গেছে, ঘটনার সূত্রপাত বুধবার রাতে জব্বরপল্লী এলাকার একটি কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে। বিসর্জনের শোভাযাত্রার সময় শ্যাম তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে খাওয়া দাওয়া করছিলেন। অভিযোগ,সেই সময় অজয় নন্দী ও বিজয় নন্দী নামে দুই ভাই শ্যামকে দেখে তাঁর সাথে বচসা শুরু করে। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,এরপরই অজয় ও বিজয় লোহার রড ও বাঁশ দিয়ে শ্যামকে পেটাতে শুরু করে। আরও মারাত্বক অভিযোগে উঠেছে যে,বাঁশ দিয়ে মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় শ্যামকে। পরে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় শ্যামকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্যামের পরিবারের তরফে দুর্গাপুর লাউদোহা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে গতকাল রাতেই অভিযুক্ত দুই ভাই অজয় ও বিজয় নন্দীকে আটক করেছে পুলিশ। ডিসি (পূর্ব) রসপ্রিত সিং বলেন, “এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে”। ঘটনার পর থেকেই থমথমে রয়েছে জব্বরপল্লী এলাকা।
জমি বিবাদের জেরে দুর্গাপুরে যুবককে পিটিয়ে খুন
RELATED ARTICLES



