সংবাদদাতা,বাঁকুড়াঃ বৃহস্পতিবার বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার রাইপুর ব্লকের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে বাঁধনা পরবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরে বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় আয়োজিত খাদ্য মেলায় যোগ দেবেন। সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন সম্প্রতি কেদারতালে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ে দুর্ঘটনার কবলে পড়া বাঁকুড়ার ৫ যুবকের পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী গত ৬ মাসে মোট ৩ বার বাঁকুড়ায় এসেছেন। ফের বৃহস্পতিবার চতুর্থ বারের জন্য বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে পৌঁছাবেন রাইপুরের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার আয়োজন করা হয়েছে। সেখান থেকে ফের হেলিকপ্টারে চড়ে মুখ্যমন্ত্রী যাবেন বাঁকুড়ার সতীঘাট সংলগ্ন গন্ধেশ্বরী নদীর তীরে থাকা অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে তিনি হাজির হবেন পাঠক পাড়ার ফুটবল মাঠে আয়োজিত খাদ্য মেলায়। পরে সেখান থেকে তিনি হাজির হবেন সার্কিট হাউসে। সেখানেই কেদারতালে দুর্ঘটনার কবলে পড়া অভিযাত্রী দলে থাকা ৫ যুবকের পরিবারের সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। পরে সেখান থেকে সড়কপথে অন্ডাল বিমানবন্দরে যাওয়ার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচীকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনিক ভাবে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে তেমনই মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের সংস্কৃতির সবকটি ধারাকে যথাযথভাবে তুলে ধরে বাঁধনা পরবের জাতীয় স্বীকৃতির দাবি আদায়ে মরিয়া জঙ্গলমহলের মানুষ। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের কুড়মি,সাঁওতাল,মুণ্ডারি সহ বিভিন্ন জনজাতির নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির দাবি নির্দিষ্ট কোনো সংস্কৃতি নয়,জঙ্গলমহলের কুড়মি,সাঁওতাল,মুন্ডা,শবর সহ জঙ্গলমহলের সমগ্র জনজাতির নিজস্ব একটি মিশ্র সংস্কৃতি রয়েছে। ভিন্ন সেই মিশ্র সংস্কৃতির স্বীকৃতি আদায় করতেই মুখ্যমন্ত্রীর সামনে ওই সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
জঙ্গলমহলে বাঁধনা পরবে যোগ দিতে বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES



