সংবাদদাতা,আসানসোলঃ আসানসোলের মহিশীলায় ভাষ্কর্য সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শীশ মহল বর্তমানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। মোমের তৈরি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের জীবন্ত মূর্তি এবং নজরকাড়া শিল্পকর্ম দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে শিল্পী সুশান্ত রায়ের আমন্ত্রণে আসানসোলের মহিশীলায় অবস্থিত ওয়াক্স মিউজিয়াম পরিদর্শনে যান আসানসোল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। সেখানে প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মোমের তৈরি প্রতিমূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি। এই বিশেষ অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেবতনু ভট্টাচার্য বলেন, নিজের শহর আসানসোলের মহিশীলায় এমন অসাধারণ শিল্পকর্ম দেখার এবং তার সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। তিনি শিল্পী সুশান্ত রায়ের প্রতিভা ও নিখুঁত শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন,শিল্পী সুশান্ত রায়ের তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তিও বিজেপির রাজ্য কার্যালয়ে সম্মানের সঙ্গে স্থাপন করা রয়েছে। দেবতনু ভট্টাচার্যের কথায়,শিল্পের কোনও সীমানা নেই। একজন শিল্পী তাঁর সৃষ্টির মধ্য দিয়েই চিরকাল মানুষের মনে বেঁচে থাকেন। আসানসোলের মহিশীলায় অবস্থিত সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীশ মহল অভিনব শিল্পকর্ম এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে ইতিমধ্যেই বিশেষ পরিচিতি তৈরি করেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের কাছেও এই মিউজিয়াম ক্রমশ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে।
আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে এবার গায়ক জুবিন গর্গের মূর্তি
RELATED ARTICLES



