সংবাদদাতা,দুর্গাপুরঃ চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের পর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন তথা এইচএসডব্লিউইউ এবং তাদের ঠিকাদার শাখা ‘ঠিকাদার মজদুর কংগ্রেস’। সংগঠনের দাবি,চুক্তিভিত্তিক শ্রমিকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি নিয়ে বছরের পর বছর ধরে আন্দোলন ও নিরলস প্রচেষ্টার ফলেই নতুন শ্রম আইন এবং নতুন চুক্তিভিত্তিক মজুরি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছে সংগঠন। সংগঠনের পক্ষ থেকে এই সাফল্যকে ঐতিহাসিক মাইলফলক বলে দাবি করা হয়েছে। সম্প্রতি আসানসোলের আঞ্চলিক শ্রম কমিশনার (আরএলসি) শিতাংশু তায়ে সংশোধিত মজুরি চুক্তি বাস্তবায়নের নির্দেশের প্রক্রিয়া শুরু করেন। বাস্তবায়ন আদেশের একটি অনুলিপি আনুষ্ঠানিকভাবে সংগঠনের যুগ্ম সচিব তথা আহ্বায়ক রজত দীক্ষিত এবং এইচএসডব্লিউইউর আইএনটিইউসি ডিএসপি ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার সিংহার হাতে তুলে দেওয়া হয়। আরএলসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) নিযুক্ত চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য সংশোধিত মজুরির হার অবিলম্বে কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্দেশের আনুষ্ঠানিক অনুলিপি ইতিমধ্যেই ডিএসপি ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়েছে, যাতে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করা যায়। এই সাফল্য চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার,ন্যায্য মজুরি ও কল্যাণ রক্ষায় সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন এবং ধারাবাহিক সংগ্রামের প্রতিফলন বলে দাবি করেছেন সংগঠনের যুগ্ম সচিব তথা আহ্বায়ক রজত দীক্ষিত। তাঁর মতে,এই উদ্যোগ শ্রমিকদের দীর্ঘদিনের দাবিপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার আদায়ে তাদের সংগঠন একইভাবে আন্দোলন চালিয়ে যাবে।
ডিএসপিতে চুক্তিভিত্তিক শ্রমিকদের দাবিপূরণে ঐতিহাসিক সাফল্য
RELATED ARTICLES



