দুর্গাপুর,২৭ নভেম্বরঃ এবার বাংলার মানুষ সেরা চিকিৎসা পাবেন এই রাজ্যেই। রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ করা হবে। তার জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি হাসপাতালে থাকবে হার্টের চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ক্যানসার সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় দিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। শুক্রবার দুর্গাপুরের অন্ডালে মিশন হাসপাতালের ৫০০ শয্যার একটি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে তিনি তাঁর বক্তব্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করারও প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তিনি রাজ্যের সাধারন মানুষ যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা পায় সেদিকে বিশেষ নজর দিয়েছেন। মানুষ যাতে অল্প খরচে চিকিৎসা করাতে পারে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি,স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে সরকার। লক্ষ্য হল মানুষ যেন অল্প খরচে সঠিক চিকিৎসা পান। ইতিমধ্যেই নিউটাউনে হাসপাতাল তৈরি শুরু করেছে আদানিরা। যেখানে দরিদ্রদের জন্য বিনামূল্যে রাখা হচ্ছে ১০০০ বেড। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না,তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।” নিজের বক্তব্যে তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকার তিনবেলার খাবারে ৫৬ টাকা ৪০ পয়সা দিত। এমএলএ, মন্ত্রী, সাংসদদের বেতন বেড়েছে। কিন্তু হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসেই সেটা বাড়িয়ে ১১০ টাকা করেছি”।
এই রাজ্যেই এবার সেরা চিকিৎসা পাবেন,ঘোষণা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES



