আসানসোল,২৫ এপ্রিলঃ ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন পর্ব শান্তিতে মিটলেও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল আসানসোলে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডির প্রতিবেশী ও ঘনিষ্ঠ দেবদীপ চ্যাটার্জী (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলার অনিমেষ দাসের অনুগামীদের বিরুদ্ধে। খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মৃতদেহ নিয়ে আসানসোল পুলিশ ফাঁড়ীতে বিক্ষোভ দেখান আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা। প্রসেনজিৎ পুইতুন্ডির অভিযোগ, তিনি যে অনন্যা কমপ্লেক্সের আবাসনে থাকেন,সেখানকারই বাসিন্দা দেবদীপ চ্যাটার্জী। এই আবাসনের প্রায় সবাই কংগ্রেসকে ভোট দিয়েছেন। সেটাই রাগ তৃণমূলের। তাই দেবদীপকে পিটিয়ে মারা হয়েছে। তিনি জানান,শুক্রবার স্ত্রী ও সন্তানকে নিয়ে কোন অনুষ্ঠান থেকে গভীর রাতে বাড়ী ফিরছিলেন দেবদীপ। সেই সময় আবাসনের কাছেই তৃণমূল কাউন্সিলার অনিমেষ দাসের কয়েকজন অনুগামী দেবদীপবাবুকে আটকে প্রচন্ড মারধর করে। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে তাঁর মাথার পেছনে চোট লাগে। বাড়ির লোক তখনকার মতো দেবদীপকে বাড়ীতে নিয়ে গেলেও সকালে তাঁর কোনো সারা শব্দ না পেয়ে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক দেবদীপ কে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন দেবদীপকে এভাবে মারধর করা হল? জানা গেছে,কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়াটাই নাকি অপরাধ দেবদীপ চ্যাটার্জীর। সেরকমই দাবি করেছেন কংগ্রেস প্রার্থীর নির্বাচনী এজেন্ট শাহ আলম খান। তিনি জানান,ওই রাতের ঘটনায় সিসি টিভির ফুটেজে হামলাকারীদের পরিষ্কার দেখা গেছে। সেই ফুটেজ দেখে অবিলম্বে দুস্কৃতিদের গ্রেপ্তার করার দাবি তুলেছেন তিনি। এবিষয়ে তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ভি শিবদাসন বলেন, “কংগ্রেস এখানে এমন কোনো ফ্যাক্টর নয় যে,তাদের প্রার্থীকে ভোট দেওয়ার কারনে কাউকে মেরে দেওয়া হবে। আসানসোলে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি”। তিনি জানান, “পুলিশ তদন্ত করে দেখলেই আসল কারন জানা যাবে”। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) আবদুল গফফর জানান, “পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি”। এই ঘটনায় কংগ্রেস যাই অভিযোগ করুক না কেন, প্রশ্ন উঠছে- দেবদীপকে শুধুমাত্র ভোট সংক্রান্ত কারনেই মারধর করা হয়েছে,নাকি এর নেপথ্যে অন্য কোনো কারন রয়েছে।
আসানসোলে কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
RELATED ARTICLES



