আসানসোল,২৩ সেপ্টেম্বরঃ আসানসোলের বিবি কলেজে এবিভিপির নাম করে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে কলেজের প্রিন্সিপালের সঙ্গে অভব্য আচরণ,হাঙ্গামা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিবি কলেজে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিধায়কের দাবি, ৪ মের পর থেকে এই ধরনের ঘটনা প্রায় পাঁচবার ঘটেছে। বারবার এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য,গত একদিনে তাঁকে প্রায় ৫০-৬০টি ফোন ও মেসেজ করে কলেজের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিবি কলেজে প্রায় ৮ থেকে সাড়ে ৮ হাজার পড়ুয়া পড়াশোনা করেন এবং আসানসোলে এই কলেজের একটি আলাদা পরিচয় রয়েছে। ফলে কলেজ চত্বরে মারামারি ও ভাঙচুরের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিধায়ক বলেন, তিনিও ছাত্র রাজনীতি করেছেন এবং শিক্ষকদের প্রতি সম্মান দেখানোর একটি পরম্পরা দেখেছেন। কিন্তু কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গালিগালাজ ও অভব্য ভাষা ব্যবহার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিধায়ক অভিযোগ করেন,কলেজে বহিরাগতদের প্রবেশ এবং তাঁদের মাধ্যমে হাঙ্গামার অভিযোগও তদন্ত করা প্রয়োজন। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জায়গা। এখানে কোনও ধরনের গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না।”
‘শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না’- বিজেপি বিধায়ক
RELATED ARTICLES



