সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ বিএমএস ইউনিয়ন অফিসে চুরি-ভাঙচুর,রাতভর তাণ্ডব! অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। নিম্নচাপের টানা বৃষ্টির সুযোগে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির বিএমএস ইউনিয়ন অফিসে চুরি ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা জানালার গ্রিলের তালা ভেঙে অফিসে ঢুকে লুটপাট চালানোর পাশাপাশি ফ্রিজ,এসি,ফ্যান,লাইট ও চেয়ার-সহ একাধিক সামগ্রী ভাঙচুর করে বলে অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিএমএস ইউনিয়ন। যদিও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও তৃণমূলের পক্ষ থেকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।



