দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ ম্যানহোল কিংবা বিপজ্জনক নালায় জীবনের ঝুঁকি নিয়ে আর সাফাই কর্মীদের নামতে হবে না। পরিচ্ছন্নতা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্স ব্যবহারের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। দুর্গাপুরের সিএমইআরআই-তে সাফাই কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান,ম্যানহোল পরিষ্কারের ক্ষেত্রে মানুষের পরিবর্তে আধুনিক যন্ত্র ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বিশেষ ধরনের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ম্যানহোল থেকে সাকশন পদ্ধতিতে স্লাজ ও বর্জ্য তুলে আনার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে স্লাজ ও পরিষ্কার জল আলাদা করার ব্যবস্থাও রয়েছে। ফলে কর্মীদের ম্যানহোলের ভিতরে না নামিয়েই পুরো কাজ করা সম্ভব। এই ধরনের বিপজ্জনক কাজে কর্মী নামালে ঠিকাদারের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী। এই প্রযুক্তিকে আরও উন্নত করতে সিএমইআরআই-এর সঙ্গে রাজ্য সরকারের মউ তথা বিশেষ চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা পাল।




